নড়াইলে পুলিশ সদস্যদের কর্মবিরতি ও বিক্ষোভ
- আপডেট সময় : ০৯:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
নড়াইলে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। তারা নিরাপত্তাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সাদা পোশাকে পুলিশ লাইনসে এ কর্মসূচি পালন করেন। পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা, থানায় হামলাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে হামলাকারীদের বিচারের দাবি করেন।
তারা বলেন, তাদের আলাদা পুলিশ কমিশন গঠন করতে হবে। তারা রাজনৈতিক প্রভাবের বাইরে কাজ করতে চান। তবে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তাদের হত্যার শিকার হতে হয়। নিহত পুলিশের পরিবারকে ক্ষতিপূরণ এবং তাদের শহিদের মর্যাদা দেওয়ার দাবি জানান।
রাজনৈতিক প্রভাবের বাইরে দেশের জন্য কাজ করতে চান পুলিশ সদস্যরা। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
অপরদিকে যারা পুলিশ লাইনসে আছেন, তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন। তারা এ অবস্থার অবসান চায়। পুলিশ হত্যাসহ সব পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষ করে সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রমুখ।
পাবনায় পুলিশের কর্মবিরতি পালন

পাবনায় বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করেন পুলিশ সদস্যরা। দুপুরে পাবনা পুলিশ লাইনস কম্পাউন্ডের মধ্যে বিক্ষোভ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তারসহ পুলিশ সদস্যরা। এর আগে পুলিশ লাইনস মসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মাসুদ আলম জানান, থানায় যথারীতি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন; কিন্তু নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা এখনো মাঠে যোগ দেননি।


























