উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা হলে কোনো ছাড় নয়: ইসি আহসান হাবিব
- আপডেট সময় : ০৫:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও পক্ষপাতহীন অনুষ্ঠানের জন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। ঘামাচি হলেই গলিয়ে ফেলে দিন, কারণ ঘামাচি থেকে ফোঁড়া হবে, ফোঁড়া থেকে হবে টিউমার, আর টিউমার থেকে হবে ক্যান্সার, তখন হাত কেটে ফেলতে হবে। আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এক কর্মশালা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।সোমবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত ঝিনাইদহ সদর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্র নাথ রায়, জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলার সংঘাতপূর্ণ শৈলকূপা উপজেলা নির্বাচন-পরবর্তী কয়েক দিনের মধ্যে জাতীয় সংসদের ৮১ (ঝিনাইদহ-১) আসনের উপনির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনের প্রস্তুতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, শৈলকূপা উপজেলা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। যারা অন্যরকম চিন্তা করে জেতার চেষ্টা করবে তারা সেই সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
উপজেলা নির্বাচনের দিনে সংবাদ সংগ্রহের বিষয়ে নির্বাচন কমিশনার স্পষ্ট করেন।
তিনি বলেন, সাংবাদিক মানে সাংবাদিক। যারা বস্তুনিষ্ঠভাবে কাজ করে তারাই সাংবাদিক। কোনো সুবিধাবাদী গ্রুপের কাছ থেকে বেনিফিট নিয়ে কার্ড ঝুলিয়ে কেন্দ্রে যাবে সেটা হবে না। নীতিমালার মধ্যে থেকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে হবে।


























