রাষ্ট্রদূত’র ছেলে পরিচয়ে প্র তা র ণা র দায়ে যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০২:১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
ইনসেটে আটককৃত ফাহিম।
স্টাফ রিপোর্টার :
সিনিয়র সচিব পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমদ নামক এক যুবককে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম এর নিদের্শনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন-উত্তর) দেবাশীষ দাশ, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে শুক্রবার (৩ জানুয়ারি) নগরীর রায়নগর এলাকা থেকে প্রতারক ফাহিমকে গ্রেফতার করা হয়। ফাহিম আহমেদ (২০) মৌলভীবাজার এর কুলাউড়া থানাধীন দেওগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে।
অভিযুক্ত ফাহিম আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও স্কুলে ভর্তিসহ আরো বেশ কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বড় ছেলে পরিচয় দিয়ে নানা ধরনের তদবিরের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী আবু সুফিয়ান ফারাবী। পরে প্রতারক ফাহিম আহমেদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী।
পুলিশ জানায়, প্রতারক চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এছাড়া এমন ঘটনা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীও ক্ষুব্ধ হন।
জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার বলেন, এ ধরনের প্রতারক চক্রের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। সেই সাথে প্রয়োজনে পুলিশের সহায়তা গ্রহণের তিনি পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, প্রতারক ফাহিম আহমেদ বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্নীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলো। এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ধারা ৪১৯/৪২০ পেনাল কোড-১৮৬০; রুজু করা হয়েছে।


























