দেখামাত্র গুলির নির্দেশ ও আইনবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: ড. কামাল হোসেন
- আপডেট সময় : ০৩:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেখামাত্র গুলির নির্দেশ এবং আইনবহির্ভূত হত্যাকাণ্ড গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়ে তিনি নিরপেক্ষ-সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন।
আজ রোববার এক বিবৃতিতে ড. কামাল হোসেন এসব কথা বলেন। গণফোরামের ইমেরিটাস সভাপতি বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারে ছাত্রসহ সাধারণ মানুষের প্রাণহানি ও গুরুতর আহত করা দেশে গণতন্ত্র, ন্যায়বিচার পরিপন্থী ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। নাশকতামূলক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়-ক্ষতি হয়েছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে মনে রাখতে হবে, মানুষের প্রাণের মূল্য সম্পদ বা স্থাপনার চেয়েও অনেক বেশি।
ড. কামাল হোসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। পাশাপাশি হত্যা, নির্যাতনের প্রতিটি ঘটনা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন।
গণগ্রেপ্তারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ, আটক ছাত্র-জনতার মুক্তিসহ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ড. কামাল হোসেন।


























