দিনাজপুরে বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপের বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ
- আপডেট সময় : ১১:০৫:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশের সঙ্গে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুলিশের দুটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অসংখ্য টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, শটগানের গুলিবর্ষণ করেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবানে রোববার সকাল ১০টা থেকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে জড়ো হয় শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনতা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের দিকে আসে।
এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের মুন্সীপাড়া এলাকায় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর বিক্ষোভকারীরা দিনাজপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় দিনাজপুরে ৫ জন সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অবস্থান এখনও বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।


























