সিলেট পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় মামলা, ৩ শতাধিক আসামী
- আপডেট সময় : ১২:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেট বন্দরবাজার এলাকায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। কোতোয়ালী থানায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইষলাম। তিনি জানান, বন্দরবাজার এলাকায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার রাতে নাশকতার একটি মামলা দায়ের হয়েছে। এতে ১৭ জনকে আসামী করে প্রায় তিন শতাধিক অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এরআগে বুধবার (১৭ জুলাই) দুপুরে বন্দরবাজার এলাকায় ছাত্রদল-যুবদলের শতাধিক নেতাকর্মীরা চলমান কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মিছিল বের করে। এসময় পুলিশের সঙ্গে সংর্ঘষ হয় তাদের। পরে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মহানগর ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এম সাগর হাসান গুরুতর আহত হন।এদিকে বৃহস্পতিবার দুপুরে মহানগরের বন্দরবাজার এলাকা থেকে মহানগর বিএনপির সাবেক যুগ্মআহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

























