সিলেটে তেলবাহী ট্রাংক লরির চাপায় স্বামী-স্ত্রী সন্তানসহ চারজন নিহত
- আপডেট সময় : ০১:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে জ্বালানী তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও এক কন্যাশিশুসহ চারজন নিহত হয়েছেন।
শনিবার (২২ আগষ্ট) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (২৫) ও তাদের মেয়ে আয়েশা (৪) এবং অটোরিকশা চালক একই উপজেলার লালন আহমদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত নিয়ামতের ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শিরামসি যাচ্ছিলেন তার ভাই। দুর্ঘটনায় সস্ত্রীক তার ভাই ও আয়শা নামের এক ভাতিজি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকাগামী পদ্মা তেল কোম্পানির একটি ট্যাংক লরি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রী ৭ জন আহত হন। উদ্ধার করে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষনা করেন।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুল পাশে এসে ট্যাংক লরিটি অটোরিকশাকে চাপা দিয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।





















