সিলেটে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান , ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬
- আপডেট সময় : ০১:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরী এলাকায় অপরাধ দমনে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে পুলিশ। অপরাধীদের ধরতে দিনরাত কাজ করে যাচ্ছেন থানা পুলিশ।জিরো টলারেন্স নীতিতে কিশোর গ্যাং, ছিনতাইকারী, চোরাকারবারি ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান।
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৬৬ জন অপরাধীকে। পুলিশের পাশাপাশি অভিযানে অংশ নিচ্ছে গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পুলিশের কাছ থেকে এসব তথ্য জানা যায়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের বিভিন্ন থানার একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামী, মাদককারবারী, মাদকসেবী, সন্দেহজনক ও চোরাচালানকারীসহ ৬৬ জন গ্রেফতার করেছে। পুলিশের সাথে মাঠ পর্যায়ে সমন্বয় করে কাজ করে যাচ্ছে গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। একই সাথে এসএমপি ডিবির অভিযানে ১০২(একশত দুই) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার ও শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১২৫ পিস ভারতীয় ফেইস ওয়াশ, ১৪৬ পিস মেহেদী, ৫২৫ পিস ভারতীয় চকলেট উদ্ধার। থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন আসামী ও মাদকসহ ১১জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, মহানগরী এলাকায় সন্দেহজনক চলাফেরা করার অপরাধে ১৩ জন সন্দেহজনক ব্যাক্তি ও মেট্রো আইনে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে মহানগরী বিভিন্ন এলাকা থেকে নিয়মিত মামলা ও সন্ধিগ্ধ ১৪ জন আসামী ও ১জন চোর, ৪ জন হকারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়। একই সাথে মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মহানগর পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।



















