রাজশাহী ফাইনালে সিলেটের বিদায়
- আপডেট সময় : ০১:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
শেষ ওভারে সিলেট টাইটান্সের প্রয়োজন ছিল ২৪ রান। হাতে দুই উইকেট। সিলেট তুলতে পারে ১১ রান। রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয় কোয়ালিফায়ারে ১২ রানে জিতে চলে যায় ফাইনালে। আগামীকাল শুক্রবার চট্টগ্রাম-রাজশাহী ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের। বুধবার মিরপুরে রাজশাহীকে ফাইনালে তোলার কৃতিত্ব শ্রীলংকান পেসার বিনুরা ফার্নান্ডোর। চার ওভারে ১৯ রানে চার উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা। এলিমিনেটরে শেষ বলে ছয় মেরে সিলেটকে জয় এনে দিয়েছিলেন ক্রিস ওকস। কালও শেষ ওভারে একটি ছক্কা হাঁকিয়েছেন ওকস। তাতে অবশ্য শেষ রক্ষা হয়নি। ১৫৩/৮-এ থেমে যায় ১৬৬ রান তাড়া করতে নামা সিলেট।
ফার্নান্ডো নিজের প্রথম দুই ওভারে মাত্র তিন রান দিয়ে দুটি উইকেট নেন। এরপর তৃতীয় উইকেটে সিলেটের ওপেনার পারভেজ হোসেন ও স্যাম বিলিংস ৬৯ রান যোগ করেন। পারভেজ ৩৪ বলে ৪৮ রান করার পথে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান। এই জুটি ভাঙার পর রাজশাহী ম্যাচে ফেরে। ১১তম ওভারে পারভেজ রানআউট এবং ১৪তম ওভারে বিলিংস ক্যাচ দেন ফারহানকে। পাকিস্তানি ক্রিকেটার ম্যাচে পাঁচ উইকেট নেন। ফিরে এসে ফার্নান্ডো আরও দুই উইকেট নেন।
এর আগে দুই নিউজিল্যান্ডার কেইন উইলিয়ামসন ও জিমি নিশামের ব্যাটে ভর করে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভার শেষ করে নয় উইকেটে ১৬৫ রানে। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে হার না-মানা ৪৫ রান করে রাজশাহীর টপ স্কোরার। তার স্বদেশি নিশাম করেন ২৬ বলে ৪৪ রান। দুই অঙ্কের রান করেছেন রাজশাহীর আরও দুজন ব্যাটার। সাহিবজাদা ফারহান ২১ বলে ২৬ এবং তার উদ্বোধনী জুটি তানজিদ হাসান ১৫ বলে ৩২। রাজশাহীর মোট রানে মুখ্য অবদান তিন বিদেশির। সিলেটের চারজন বোলার মিলে নিয়েছেন আট উইকেট। এর মধ্যে সবচেয়ে সফল সালমান ইরশাদ চার ওভারে তিন উইকেট শিকার করেন ২৩ রানের বিনিময়ে। দুটি করে উইকেট পান নাসুম আহমেদ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স ১৬৫/৯, ২০ ওভারে (সাহিবজাদা ফারহান ২৬, তানজিদ হাসান ৩২,
কেইন উইলিয়ামসন ৪৫*, জিমি নিশাম ৪৪। নাসুম আহমেদ ২/২০, সালমান ইরশাদ ৩/২৩,
মেহেদী হাসান মিরাজ ২/২৩)।
সিলেট টাইটান্স ১৫৩/৮, ২০ ওভারে (পারভেজ হোসেন ৪৮, স্যাম বিলিংস ৩৭, মঈন আলী ৭, আফিফ হোসেন ২১, মেহেদী হাসান মিরাজ ৯, ক্রিস ওকস ১৫*, নাসুম আহমেদ ৬*। বিনুরা ফার্নান্ডো ৪/১৯)। ফল : রাজশাহী ওয়ারিয়র্স ১২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : বিনুরা ফার্নান্ডো (রাজশাহী)।























