হবিগঞ্জে টমটম ছিন তাইয়ের পর চালককে হত্যা
- আপডেট সময় : ০৩:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে টমটম ছিনতাইয়ের পর কাসেম (২৫) নামের এক চালককে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে পুলিশ ভাতকাটিয়া এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত কাসেম উপজেলার লামাতাশী গ্রামের আব্দুল আলীর ছেলে। পেশায় তিনি একজন টমটমচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে কাসেম ও তাঁর টমটমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার ও স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে আজ মঙ্গলবার সকালে বাহুবল উপজেলার ভাতকাটিয়া স্কুলের পাশের একটি জায়গায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাই করতে গিয়েই চালক কাসেমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে।



























