কবরস্থানগুলোতে রুহের মাগপেরাত কামনায় স্বজনদের কান্না
- আপডেট সময় : ০৭:১৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন হচ্ছে পবিত্র শবে বরাত। রাতেও স্বজনরা প্রিয়জন পিতা-মাতা, আত্বীয়-স্বজনের রুহের মাগপেরাত কামনার জন্য কবর জিয়ারতে ছুটে আসেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এশার নামাজের পর মসজিদে মসজিদে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। একইদিনে জুমা ও শবে বরাত হওয়ায় সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজার সংগ্লন্ন কবরস্থানে দিনভর ছিল মানুষের ভিড়।
মহানগরীর সর্ববৃহৎ কবরস্থান মানিকপির টিলায়। অন্যান্য বছর শবে বরাত উপলক্ষে বিকেল থেকে কবরস্থানে ভিড় বাড়লেও শুক্রবার জুমার দিন হওয়ায় দুপুর থেকেই এখনে কবর জিয়ারত করতে আসেন মানুষ। সন্ধ্যার পর বাড়তে থাকে ভিড়। রাত যত গভীর হয় মানুষের ঢল বাড়তে থাকে। নিরিবিলি স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে কেউ কুরআন তেলাওয়াত করেন। আবার কেউবা অঝোরে কাঁদেন, কেউ দুই হাত তুলে কবরস্থানে চিরনিদ্রায় শুয়ে থাকা প্রিয় মানুষটির জন্য আল্লাহর কাছে দোয়া করেন এদিকে জুম্মার পর থেকেই মানিকপীর কবরস্থানের সামনে ভিক্ষুককের ভিড় দেখা যায়। তাদের কেউ অন্ধ, কেউ বিকলাঙ্গ আবার কেউবা প্রতিবন্ধী। যারা কবর জিয়ারত করতে এসেছেন তারা যার যার সাধ্যমত সাহায্য অধিকাংশ অন্ধ, বিকলাঙ্গ কেউবা প্রতিবন্ধীদের এ রাতে দুহাত খুলে দান করছেন।


























