৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলাম, দু’পক্ষের সংঘর্ষ -আহত ২০
- আপডেট সময় : ১২:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। কোয়ারীর ৪৫ লক্ষ ঘনফুট পাথর নিলামকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে সীমান্তবর্তী সুরইঘাট বাজারে এ সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের লোকজন লাঠি-সোটা নিয়ে পাল্টাপাল্টি মিছিল বের করে। উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ছোঁড়া ইটপাটকেলে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ সুরইঘাট বাজারে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
জানা যায়, জব্দকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথরের নিলাম পায় সিলেটের পিয়াস এন্টারপ্রাইজ। নিলামের বিপক্ষে অবস্থান নেন বিএনপি ও জামায়াতের বড় অংশের নেতৃবৃন্দ। অপরদিকে নিলামদাতা পিয়াস এন্টারপ্রাইজের লোকজনদের পক্ষ নেন নিলামকৃত পাথর পরিবহনের পক্ষে বিএনপির একাংশ সহ আওয়ামীলীগপন্থী পাথর ব্যবসায়ীরা।
গতকাল বিকেল ৫টার দিকে পাল্টা পাল্টি মিছিল বের করে দুই পক্ষ। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লাঠি-সোটা নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ৪ জনকে ওসমানী হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ আসেনি। পরিস্থিতি স্বাভাবিক আছে।


























