মুহুর্মুহু রকেট হামলায় কাঁপছে ইসরাইল
- আপডেট সময় : ০৩:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
গাজা থেকে ইসরাইলের বিভিন্ন এলাকায় মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ। অনেক এলাকা থেকে পালিয়েছে বাসিন্দারা।
সোমবার গাজা উপত্যকা থেকে ইসরাইলে দফায় দফায় ওই রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল।
ইসরাইলের সামরিক বাহিনীর জানিয়েছে, সোমবার গাজা থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়, যা গত সাত মাসের মধ্য গাজা থেকে চালানো সবচেয়ে বড় হামলা। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়ায় গাজা সীমান্ত লাগোয়া ইসরাইলি কয়েকটি সম্প্রদায়ের দিকে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।
বার্তা সংস্থা রয়টার্সকে দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরাইলি ফোন নম্বরগুলো থেকে তারা বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ সংক্রান্ত কিছু ক্ষুদেবার্তা পেয়েছেন।
কেউ কেউ বলেছেন, এর অর্থ হতে পারে ইসরাইলি বাহিনী ওই এলাকায় ফিরে আসবে। যদিও কয়েক সপ্তাহ আগে এলাকাটি হামাসের হামলার শিকার হয়।
অন্যদিকে, সোমবার ইসরাইলি অধিকৃত পশ্চিম তীরেও সহিংসতা ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার তুলকারম শহরে ইসরাইলি বাহিনীর অভিযানে এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। একই এলাকায় একদিন আগে ইসরাইলি হামলায় ইসলামিক জিহাদের এক সদস্য নিহত হন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজার কিছু এলাকা থেকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরাইলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রেখেছে। দখলদার ইসরাইলি সেনাবাহিনী কয়েক মাস আগেই সেসব এলাকা ত্যাগ করেছে।
হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরাইলি সেনা আহত

অধিকৃত গোলান মালভূমিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের ১৮ জন সেনা আহত হয়েছে। সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
এদিন সামাজিক মাধ্যম এক্স পেইজে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। যার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়।
জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরাইলি সেনাবাহিনীর ৯১তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। চালিয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে, ইসরাইলি বিমান হামলায় তাদের তিন যোদ্ধা নিহত হয়েছেন।
যুদ্ধের মাঝেই ৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল

গাজায় চলমান যুদ্ধের মাঝে আটক ৫৫ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন আলোচিত আল শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়াও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে আল আরাবিয়্যাহ।
গতবছরের নভেম্বরে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে জোরপূর্বক আবু সেলমিয়াকে তুলে নিয়ে যায় ইসরাইলি বাহিনী। ৭ অক্টোবর থেকে চলমান নির্বিচার হত্যাযজ্ঞে ইসরাইলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছেনা সেবাদানকারী হাসপাতালও। যুদ্ধবিধ্বস্ত উপত্যকার হাসপাতালগুলোতেও বিভিন্ন সময় বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
ইসরাইলি সেনাবাহিনীর অভিযোগ, হাসপাতালে ছদ্মবারণে কার্যক্রম চালিয়ে আসছে হামাস। ইহুদিবাদী দেশটির সন্দেহ, হাসপাতালকে সামরিক আস্তানা এবং টানেলের কাজে ব্যবহার করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা।
আল আরাবিয়্যাহ তাদের প্রতিবেদনে জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন আরও এক স্বাস্থ্য কর্মকর্তা। দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমাকেও মুক্তি দিয়েছে ইসরাইল।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাদের অনেককে আল-আকসা এবং আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরাইলি অভিযানের কারণে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। কোনো কোনো হাসাপাতালে স্বাস্থ্য পরিষেবা কমিয়ে দিতেও বাধ্য করা হচ্ছে। অভিযানের মুখে বেসামরিক নাগরিকদের সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো।




























