সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি
- আপডেট সময় : ০৩:০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
সিলেট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ নদীর পানি। তবে এখনো বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার ৩টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে । পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৬টা পর্যন্ত সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ২০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত রয়েছে।
সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় বন্যা আক্রান্ত মানুষ আছেন ৮ লাখ ৩ হাজার ৩৬৫ জন। জেলার ৭৩৪টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১৩ হাজার ১৫৪জন। সোমবার এ সংখ্যা ছিলো ১৩ হাজার ২০৯জন। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে নদ-নদীর পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরুর করেছেন অনেকেই। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়াতে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

















