সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :
সিলেট সদর উপজেলায় ১৪ মে মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত কর্মসূচি, বিশেষ করে সর্বজনীন পেনশন স্কিমের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য উপস্থাপন করেন। জেলা তথ্য অফিস এ বিষয়ে নানাবিধ প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, সর্বজনীন পেনশন স্কিমে জমা রাখা টাকা সরকারের কাছে জনগণের আমানত। সরকার লভ্যাংশসহ উপকারভোগীকে সে আমানত ফিরিয়ে দেবে। এ অর্থ তাদের বৃদ্ধ বয়সে আর্থিক নিশ্চয়তা। এজন্য সরকারের দেওয়া এ সুযোগকে কাজে লাগাতে সকলকে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান জানান নাছরীন আক্তার।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভূক্তির মাধ্যমে জনগণ একটি নির্দিষ্ট সময় টাকা জমানোর পর পেনশনের আওতাভূক্ত হবেন। এরপর থেকেই সরকার তাদের আজীবন পেনশন প্রদান করবে। তিনি আরো বলেন-পেনশন ভোগকারীর মৃত্যুর পর তার পরিবার এ পেনশনের উত্তরাধিকারী হবেন। তাই প্রতিটি নাগরিকের নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিতকল্পে এ স্কিমে অন্তর্ভূক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।মহিলা সমাবেশে জনপ্রতিনিধি, এনজিওকর্মীসহ নানা শ্রেণি-পেশার নারীগণ অংশগ্রহণ করেন।


























