গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরাইল, নিহত আরও ৭৮
- আপডেট সময় : ০১:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
গাজা সিটিতে ব্যাপক স্থল হামলা শুরু করে দখলদার ইসরাইলি বাহিনী। এই হামলায় অন্তত ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
প্রতিবেদন বলছে, এ ছাড়া গাজা সিটি দখলে তীব্র বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেখান থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সামরিক কৌশল ব্যবহার করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
স্থানীয়দের বরাতে আলজাজিরা বলছে, অঞ্চলটির প্রধান আবাসিক এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আইডিএফ। গাজা সিটিতে ইসরাইলি অভিযানে মৃতের সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন।
এদিকে, আবারও ইসরাইইলি জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে হামাসকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ছাড়া পশ্চিম তীরের নাবলুসে চলছে ইসরায়েলি সেনাদের অভিযান। স্থানীয় গণমাধ্যম বলছে, কাফর কিল্লাল শহরে শব্দ বোমা নিক্ষেপ করেছে আইডিএফ।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বর্ধিত এ স্থল হামলায় অংশ নিয়েছে তাদের দুটি ডিভিশন। এ দুই ডিভিশনে ২০ হাজারের বেশি সেনা রয়েছে।
গাজা সিটিতে প্রায় ১০ লাখ মানুষ ছিলেন। ইসরাইল এ হামলা শুরুর আগে শহরটির সব বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এখনো সেখানে আরও ৬ লাখ মানুষ রয়ে গেছেন।
গাজায় ইসরাইলের ভয়াবহ স্থল অভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের

গাজা সিটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। প্রায় দুই বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করেই এ ঘোষণা এসেছে। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে। তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠি হামাস।
হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরাইলি আগ্রাসন ‘অভূতপূর্ব’ এবং ‘বর্বরতাপূর্ণ’। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, ‘শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান ‘পদ্ধতিগত গণহত্যার’ নতুন অধ্যায় ছাড়া আর কিছু নয়।’ খবর সিএনএনের।
হামাস আরও বলেছে, এ হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। এইসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রচ্ছায়ায় সংঘটিত হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংঘটিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি।
সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব ও ইসলামি দেশগুলোর সম্মেলনে ইসরাইলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা সিটিতে তারা নতুন ও সম্প্রসারিত স্থল অভিযান শুরু করেছে। ইসরাইলি কর্মকর্তাদের মতে, এটি হামাসের শেষ কয়েকটি ঘাঁটির একটি। অবরুদ্ধ গাজার এ অঞ্চলে এতদিন ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পুরোপুরি প্রবেশ করেনি।



























