হবিগঞ্জ মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৫:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চেঙ্গারবাজার-চৌমুহনী সড়কের মঙ্গলপুর এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম আব্দুল হামিদ (৪৫)। তিনি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হামিদকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং এর আগেও তিনি কয়েকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। আসামির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।



























