হবিগঞ্জ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক
- আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি ;
চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
অভিযুক্ত গৃহবধূর নাম রিপা বেগম (২৩)। তিনি স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন মিয়ার স্ত্রী। স্থানীয়রা জানায়, সুমন মিয়া ও রিপা বেগম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বসত ঘর থেকে ২০ কেজি গাঁজা জব্দ করে। অভিযানের বিষয় টের পেয়ে বাসা থেকে পালিয়ে যান সুমন মিয়া।
অভিযানের বিষয়ে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতির বসতঘর থেকে ২০ কেজি গাজা জব্দ করাসহ রিপা বেগম নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযানে সুমন মিয়ার পাসপোর্ট জব্দ ও ৪১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃত রিপা বেগমকে হবিগঞ্জ জেলার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই রবিউল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।



























