জৈন্তাপুরে বাজার মনিটরিং ৪প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ০৬:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি :
পবিত্র রমজান মাসে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্য রাখতে ও সিন্ডিকেট করে পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে জৈন্তাপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মনিটরিংয়ে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা।
এসময় তিনি দরবস্ত বাজার এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করেন। দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য, ক্রয়মূল্যের রিসিট, বিক্রয়মূল্যের তালিকা প্রদর্শন ইত্যাদি বিষয়ে মনিটরিং করেন তিনি।
পরে দরবস্ত বাজারে বিভিন্ন কাঁচাপণ্য ও শাক-সবজির দোকানে তিনি মনিটরিং করেন। মনিটরিং চলাকালীন দুটি মুদি ও দুটি কাঁচাপণ্যের দোকানে অনিয়ম পাওয়ায় ও মূল্য তালিকা না থাকায় ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপজেলা প্রশাসনের সাথে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে ইতোমধ্যে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হয়েছে। এখন থেকে উপজেলার প্রতিটি বাজারে প্রশাসনের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। আজ চারটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়ের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। ক্রেতাসাধারণকে জিম্মি করে পণ্যসামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


























