বিশ্বরূপ মডেল মন্দিরে’ ৩ দিনব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন
- আপডেট সময় : ০১:০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দিরে’ বিশ্ব শান্তি ও জগৎ জীবের মঙ্গল কামনায় ‘জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদ’র উদ্যোগে ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টায় শ্রীমতদ্ভাগবত মহাপুরাণ প্রবচন ও রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তনের ‘শুভ অধিবাস’র মাধ্যমে মহোৎসব শুরু হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ব্রাক্ষমমুহুর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৯টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন (পুর্ণা)’র মাধ্যমে মহোৎসব শেষ হয়।
মহোৎসবে শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন পরিবেশন করেন সিলেটের বালাগঞ্জ উপজেলার মদনমোহন জিউর আখড়ার দ্বিজহরি দাস বাবাজী, বিয়ানীবাজার উপজেলার সুজিত দেব, সুনামগঞ্জের বিবেকানন্দ দাস বাবাজী, ছাতক উপজেলার জাহিদপুরের ভানু লাল বিশ্বাস, মৌলভীবাজারের রাজনগর উপজেলার কৃপানিধি কৃষ্ণ দাস এবং যজ্ঞ পরিচালনা করেন বিশ্বরূপ মডেল মন্দিরের ক্ষিতিশ দাস বাবাজী ও শ্রীমতদ্ভাগবত মহাপুরাণ প্রবচন করেন মৌলভীবাজারের ভুজবল (গোস্বামী বাড়ি)’র নিত্যগোপাল গোস্বামী (ভাগবত আচার্য্য)।
সুষ্ট, সুন্দর ও শান্তিপূর্ণভাবে ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসব সম্পন্ন হওয়ায় ‘সরকার ও প্রশাসন’সহ সমাজের সর্বমহলের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাগ্রত শ্রীকৃষ্ণ চৈতন্য পরিষদ’র সভাপতি অরুন চন্দ্র নাথ ও মহাসচিব অজিত কান্তি দে।


























