সিলেটে এবার ভারতীয় কিটক্যাট চকলেটের চালান জব্দ
- আপডেট সময় : ০৩:১৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে প্রতিনিয়ত আসছে ভারতীয় নানান ধরনের পণ্য। বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে ধরা পড়ছে কোটি কোটি টাকার এসব পণ্য। এবার ভারতীয় কিটক্যাট চকলেটসহ একজনকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ জানুয়ারি গোপন সংবাদে দক্ষিণ সুরমা থানাধীন বালুর মাঠের সামনে (কদমতলী পয়েন্ট সংলগ্ন) এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মঞ্জুরুল আলম (৫০) নামের একজন লোক পালানোর সময় আটক করা হয়।
মঞ্জুরুল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিয়া নগর জামে মসজিদ রোডের শুভাঢ্যা এলাকার মৃত শেখ আঃ রাজ্জাকের ছেলে। এসময় ৪ শত পিস ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৪ হাজার টাকা। আটককৃতকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।


























