প্রবাসী বিবেচনায় সিলেট-ঢাকা রেলে আলাদা ব্যবস্থা
- আপডেট সময় : ০১:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
টিকেট কালোবাজারিদের নির্মূল করে ট্রেনের যাত্রীদের সেবা পাওয়া সহজ করতে নানা উদ্যোগ নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া প্রবাসী বিবেচনায় সিলেট-ঢাকা রুটে আলাদা ব্যবস্থা নেওয়া হবে।এসব তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
তিনি বলেন, একটা প্রেজেন্টেশন হয়েছে। সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি। রেলের টিকিট পদ্ধতি নিয়ে একটা ডায়াগনস্টিক (পরীক্ষা-নিরীক্ষা) হয়েছে। এ ছাড়া রেলের রুট রেশনালাইজেশন করা হবে বলেও জানান উপদেষ্টা। মঙ্গলবার রাজধানীর রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা জানান রেল উপদেষ্টা।
তিনি বলেন, চালডালের নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ফিজার আহমেদ ও আনিকা জারা বিভিন্ন বিষয় জানিয়েছেন। তাদের প্রেজেন্টেশনে দেখা গেল, কমলাপুর থেকে টিকিট চাইলেন সেখানে নেই। কিন্তু তেজগাঁও থেকে আছে। আবার ৭টার ট্রেনে টিকিট নাই কিন্তু ১০টার ট্রেনে আছে। তবে সেটির কী অবস্থা তা জানা যাচ্ছে না। রেলওয়ের অনলাইন টিকিট পদ্ধতির সহযোগী সহজকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, যাত্রী যেন এখন থেকে এটা দেখতে পান কখন, কোথায় কোন স্টেশন থেকে টিকিট আছে। সহজ বলেছে, আগামী দুই/তিন দিনের মধ্যে এটা ঠিক হবে। না হলে আপনারা অভিযোগ করবেন।
রেলের সচিব বা কর্মকর্তাদের কাছে অনেক টিকিটের তদবির আসে উল্লেখ করে ফাওজুল কবির বলেন, এ জন্য কিছু টিকিট আগেই বুক করে রাখা হয়। এটা চলবে না। কোনো সচিব বা কর্মকর্তার কথায় টিকিট রাখা যাবে না। সবার আগে সাধারণ জনগণের অধিকার নিশ্চিত করতে হবে। রেল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা জনগণের সম্পত্তি। রেলের সচিব, মন্ত্রীর জরুরি কাজ আছে বলে অন্যদের নেই, এমন তো নয়। আমরা দেশটাকে সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। মৌখিক বা টেলিফোনে টিকিট বিতরণ বন্ধ হয়ে যাবে এখন থেকে। রেলের কালোবাজারিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, যারা রেলের লোক তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিবো। আমরা সমস্যার গোড়ায় যেতে চাই। সবাই বলে এই সরকার কিছু করে না। কিন্তু এটা সময় লাগবে। আমরা গত এক মাসে সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছি।
রেলের রুট রেশনালাইজেশন করা হবে জানিয়ে তিনি বলেন, যেখানে যাত্রী নাই; সেখানে ট্রেন যাচ্ছে। আবার যেখানে যাত্রী আছে; সেখানে ট্রেন নাই। প্রবাসীরা যেসব জায়গায় যায় যেমন সিলেট-ঢাকা ও ঢাকা-চট্টগ্রাম এসব রুটে আলাদা ব্যবস্থা নিবো। আমাদের যথেষ্ট লোকমোটিভ বা কোচ নেই; সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

















