বিয়ানীবাজারে রাজনৈতিক মামলায় আসামী করা হচ্ছে সাংবাদিকদের
- আপডেট সময় : ১০:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
বিয়ানীবাজার সংবাদদাতা :
শেখ হাসিনার পতনে গত ৫ আগষ্ট বিয়ানীবাজারে বিজয় মিছিলে সহিংসতায় উপজেলার কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করায় বিয়ানীবাজারের পেশাজীবী সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় প্রেস ক্লাব হলে এক জরুরি সভায় দায়িত্বশীল নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বিয়ানীবাজারে সরকার পতনের বিজয় মিছিলের মধ্যে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মীর ন্যায় কর্মরত পেশাজীবী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা খুবই দুঃখজনক।
সাংবাদিক সংগঠন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং একই সাথে এমন ঘৃণ্য তৎপরতা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ২০শে আগস্ট জনৈক নারী বাদী হয়ে বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, সাংবাদিক মিসবাহ উদ্দিন ও সাংবাদিক মহসিন রনির বিরুদ্ধে একটি রাজনৈতিক মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলার বিষয়বস্তুর সাথে উল্লেখিত সাংবাদিকদের কোন সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধরকে একাধিকবার কল করেও ফোন বন্ধ পাওয়া যায়।
























