হবিগঞ্জে আনসার ভিডিপি এডভান্সড প্রশিক্ষণের উদ্বোধন
- আপডেট সময় : ১১:২২:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের চারটি জেলায় এক যুগে শুরু হয়েছে ২৮ দিনব্যাপী ভিডিপি এডভান্সড কোর্স (১ম ধাপ) প্রশিক্ষণ।
হবিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ শেডে ভিডিপি এডভান্সড কোর্স প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মনিয়াগের গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুধু দক্ষতা বৃদ্ধির জন্য নয় বরং জাতীয় নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে তাদের ভূমিকা অপরিসীম।
তিনি আরো বলেন, বর্তমান মহাপরিচালক সদূর প্রসারী পরিকল্পনা হিসেবে নিত্য নতুন কোর্স ডিজাইন করা হচ্ছে তারই অংশ হিসেবে ভিডিপি অ্যাডভান্স কোর্স নতুন ভাবে চালু করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ভিডিপি সদস্যদের আরো বেশি দক্ষ হিসেবে গড়ে তুলে বিভিন্ন রকম স্বল্পকালীন মোতায়েন, নির্বাচন ও পূজায় তাদের সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডার হিসাবে মোতায়েন ছাড়াও বিভিন্ন গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা, অপরাধ দমন, নারী নির্যাতন রোধ, মাদক নির্মূল, চোরা চালান রোধ সহ বিভিন্ন কার্যক্রমে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। তিনি সকল প্রশিক্ষনার্থীদের একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান যাতে করে তারা নিজেরা তাদের অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এছাড়াও সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজেদের কাজের প্রতি, নিজেদের ইউনিফর্মের প্রতি, নিজেদের বাহিনীর প্রতি এবং নিজের দেশের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করার আহ্বান জানান। এ বিষয়ে প্রধান অতিথির সাথে প্রশিক্ষণার্থীরাও তাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হন।
পরবর্তীতে প্রধান অতিথি হবিগঞ্জ জেলার বিভিন্ন কেপিআই এ নিয়োজিত আনসার সদস্যদের সাথে মতবিনিময় সভায় তাদের বিভিন্ন প্রশাসনিক, অপারেশনাল কার্যক্রমের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আনসার সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, বর্তমান মহাপরিচালক বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য সংস্কারের যে কার্যক্রম গ্রহণ করেছেন সে বিষয়ে তারা যেন সততার সাথে দায়িত্ব পালন করেন এবং সকলকে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াস অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।
সর্বশেষ প্রধান অতিথি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অভ্যন্তরে আমের চারা রোপনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মোঃ শাহনেওয়াজ হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, হবিগঞ্জ (অ:দা:), সার্কেল অ্যাডজুট্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর এবং ব্যাটালিয়ন প্রশিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে, ভিডিপি এডভান্স কোর্স প্রশিক্ষণে হবিগঞ্জ জেলার ১০০ জন প্রশিক্ষণার্থী সহ সিলেট রেঞ্জের মোট ৩৮০ জন ভিডিপি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।


















