পালানোর সময় বিমানবন্দরে শেখ হেলালের পিএস মুরাদ গ্রেফতার
- আপডেট সময় : ০৩:২২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা বাহিনী।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুরাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতেন। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ।
খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দেন সোহেল মুরাদ।




























