সিলেটের জৈন্তাপুরে র্যাবের অভিযানে ১৯০ বোতল মদ উদ্ধার
- আপডেট সময় : ০২:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বালিদাড়া গ্রামের চতুর-লালাখাল সড়কের মোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে চারটি প্লাস্টিকের বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা মোট ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত মদের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে র্যাব-৯ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
র্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


















