সিলেটে কার চুরি,,থানায় জিডি-
- আপডেট সময় : ০১:৩১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগরীর শাহপরান (র.) থানাধীন চৌমোহনী এলাকা থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) শাহপরান (র.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই প্রাইভেটকারের মালিক সাজিদা আশরাফ। এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া প্রাইভেটকারটি সাদা রঙের প্রোবক্স, মডেল-২০০৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২৩-২৪৭৫।
সাজিদা আশরাফ বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১টার দিকে আমার গাড়ির চালক আক্তার মিয়া শাহপরান চৌমোহনী এলাকার তারা মিয়া এন্টারপ্রাইজের সামনের গ্যারেজে গাড়িটি রাখেন। স্থানীয় চৌকিদার মঙ্গল বাবু রাতে গাড়িটি পাহারা দেয়ার দায়িত্বে থাকেন। বুধবার সকাল ৮টার দিকে চালক সেখানে গিয়ে দেখেন গাড়িটি নেই। এ ব্যাপারে আমরা চৌকিদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি সকাল ৭টা পর্যন্ত সেখানে ডিউটিতে ছিলেন এবং তখন পর্যন্ত গাড়িটি সেখানে ছিল। এরপর পুলিশ তদন্তের স্বার্থে মঙ্গলকে থানায় যেতে বললে তিনি মোবাইল বন্ধ করে উধাও হয়ে যান। পরে পুলিশ মঙ্গলকে খুঁজে বের করে এবং তিনি জানান, আগে যা বলেছেন তা মিথ্যা। রাতে তার ঘুম চলে এসেছিল এবং জাগরত হওয়ার পর দেখেন গাড়ি নেই।
সাজিদা আশরাফ জানান, এ ঘটনায় তিনি শাহপরান (র.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৫৯৬ ও তারিখ ১২/০২/২০২৫ ইংরেজি।


























