সরকার পতনের পর সিলেটে আ. লীগের প্রথম মিছিল
- আপডেট সময় : ০৩:০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে সদ্য সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগের নেতারা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে নেতাকর্মী। তবে সিলেটে জেলায় ৫ আগস্টের পর এই প্রথম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতারা।
মিছিলের নেতৃত্ব দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। এতে আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মঙ্গলবার বিকেলে উপজেলা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে দক্ষিণ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পয়েন্টে মিলিত হয়।
এসময় বক্তব্যে আবুল কাশেম পল্লব বলেন, ‘যাঁরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে, এঁদেরকে আমরা বিয়ানীবাজারে দাঁড়াতে দেব না। তবে আমাদের নেতা-কর্মীকে যাঁরা হুমকি দিচ্ছেন, উনাদের বলি, এই বিয়ানীবাজার থেকে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা এখানেই থাকব। প্রয়োজনে যত ঝড় আসুক, আমরা সব ঝড় উপেক্ষা করে এই স্বাধীন দেশে আমরাই থাকব ইনশা আল্লাহ।’

























