সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন
- আপডেট সময় : ০১:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে নতুন ৭ সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সিলেট বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নবগঠিত অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), পুলিশ কমিশনার, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোস্তফা কামাল পাশা মওদুদ।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২-এর উপধারা (১৫), (৪) ও ধারা ৮-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
প্রজ্ঞাপনে নবগঠিত অ্যাডহক কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে পরবর্তী নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই কমিটির মাধ্যমে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরবর্তী নির্বাচনের মধ্য দিয়ে নিয়মিত কমিটি গঠনের পথ সুগম হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





















