বন বিভাগের জমিতে উপাধ্যক্ষ শহীদের চা বাগান, কানাডার বেগমপাড়ায় বাড়ি
- আপডেট সময় : ০৭:২৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সাবেক চিফ হুইপ ও কৃষিমন্ত্রী আবদুস শহীদের কানাডার বেগমপাড়ায় বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি তার বিরুদ্ধে বন বিভাগের জমি দখল করে চা বাগান করার অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া বগুড়া-৫ আসনের সাবেক এমপি হাবিবর রহমান এবং সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটির অনুসন্ধানের আওতায় রয়েছেন আবদুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী মাকসুদ। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক জানায়, আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ টানা সাতবার (১৯৯১ থেকে ২০২৪) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে নৌকা প্রতীকে জয়লাভ করেন। তিনি আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও চিফ হুইপের দায়িত্ব পালন করেন।
তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে এমপি হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানে রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনসহ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট কেনাসহ স্ত্রী-সন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। তার স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়িসহ দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।




























