কানাইঘাটে এলাকা প্লাবিত
- আপডেট সময় : ০৭:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
কানাইঘাট প্রতিনিধি :
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত দুদিনের টানা বৃষ্টিতে কানাইঘাটে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। লোভা ও সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পৌরসভাসহ উপজেলার নিম্নাঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। সুরমা নদীর পানি তীর উপচে কানাইঘাট বাজারসহ।
কানাইঘাট পূর্ব এবং উত্তর বাজারের বেশ কয়েকটি দোকান পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী বিভিন্ন বাধঁ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, যে কোন সময় বাধঁ ভেঙ্গে বিস্তীর্ণ জনপদ তলিয়ে যেতে পারে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষ চরম উৎকন্ঠায় দিনাতিপাত করছেন।এভাবে ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকলে কানাইঘাটে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে।
উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন, কানাইঘাট সদর, দক্ষিণ বাণীগ্রামসহ উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ছে। বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬ টা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে কানাইঘাট পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের সাথে কথা হলে তিনি জানান, আকস্মিক পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারনে সুরমা ও লোভা নদীর পানি বেড়ে গিয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। বন্যা পরিস্থিতি দেখা দিলে তা মোকাবেলায় উপজেলার সবকটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।















