রেস্টুরেন্টের পাশ থেকে গুলি ও অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করে ।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে অভিযান এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, এসআরবি-৯, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজয়নগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরগামী সড়কে দ্রুতগতিতে চলাচলকারী একটি মোটরসাইকেলে দুইজন ব্যক্তিকে দেখতে পায়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী ব্যক্তিরা আকস্মিকভাবে মোটরসাইকেলটি ঘুরিয়ে পুনরায় বিজয়নগরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় আভিযানিক দলটি মোটরসাইকেলের পিছু ধাওয়া করে। তখন একপর্যায়ে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাদের হেফাজতে থাকা একটি কালো রঙের কাঁধব্যাগ ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায় ক্যাফে তিতাস আড্ডা রেস্টুরেন্টের পাশে পাকা রাস্তার ওপর ফেলে দ্রুত মোটরসাইকেলযোগে বিজয়নগর এলাকার দিকে পালিয়ে যায়। তখন এসআরবি সদস্যরা কালো রঙের কাঁধব্যাগটি তল্লাশি করে ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল, ১টি খালি ম্যাগাজিন, ৪ রাউন্ড ৭.৬৫ মি.মি. চায়না পিস্তলের তাজা গুলি, ১টি ধারালো ছুরি, ১টি স্টার স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক দুই ব্যক্তির পরিচয় শনাক্ত, নাম-ঠিকানা সংগ্রহ এবং তাদের গ্রেফতারের লক্ষ্যে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানায় এসআরবি-৯।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা ২ জন ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

























