সুবিদবাজারে কাভার্ড ভ্যানসহ ‘বুঙ্গার’ চিনি জব্দ,আটক-১
- আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
সিলেট মহানগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকা থেকে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় ‘বুঙ্গার’ চিনি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌণে ১১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ চিনির চালানটি জব্দ করে। এসময় একজনকে আটক করে পুলিশ।
কাভার্ড ভ্যানের ভেতর ৮৯ বস্তায় ২ হাজার ৯৬০ কেজি চিনি ছিল। যার বাজার মূল্য ৩ লাখ ৫৫ হাজার ২শ’ টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুবিদবাজার বনকলাপাড়া ৬২/২ নম্বর বাসা সংলগ্ন ভাই ভাই খাদ্য ভান্ডার নামক দোকান হতে দোকানের কর্মচারী সজল আহমদ রিফাতকে (২১) আটক করা হয়। সে নগরীর শিবগঞ্জ লামাপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পরে তার হেফাজত হতে ৮৯ বস্তা ভারতীয় চিনি ও পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটক রিফাত ও অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।






















