সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময়
- আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
ভারতের করিমগঞ্জ থেকে আগত এক বাণিজ্য প্রতিনিধিদল অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৬ইং, সোমবার দুপুর ২ ঘটিকায় চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসকের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় প্রতিনিধিদলের প্রধান ইন্দো-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, গোহাটির জেনারেল সেক্রেটারি অমরেশ রায় বলেন, বর্ডারের কারণে দেশ আলাদা হলেও আমাদের জীবন-যাত্রা ও চিন্তা-ভাবনা একইরকম। আমাদের সংস্কৃতি-সমাজব্যবস্থাও অভিন্ন। বর্তমানে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য কিছুটা মন্থর হলেও আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে কোন ঘাটতি হয়নি। তিনি বলেন, আমি ৩৫ বছর যাবৎ সিলেট তথা বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে ব্যবসা করি, কিন্তু কখনও কোন সমস্যা হয়নি। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখে আমরা সুন্দরভাবে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে চাই। তিনি সিলেটের সবগুলো এলসি স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল করা এবং ব্যবসা-বাণিজ্যকে এগিয়ে নিতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসক এজাজ আহমদ চৌধুরী তার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য করিমগঞ্জ থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশের আমদানি-রপ্তানিকারকগণ দুই দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আমাদের উচিত দেশের স্বার্থে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে আরো জোরদার করা। তিনি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রসারে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি সভাপতি চন্দন সাহা, সাবেক সহ সভাপতি মোঃ আতিক হোসেন, সাবেক পরিচালক আব্দুর রহমান, করিমগঞ্জ লাইমস্টোন এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিবাজি চৌধুরী, করিমগঞ্জ সুতারকান্দি এক্সপোর্ট ইম্পোর্ট এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রুহুল কুদ্দুছ, জেনারেল সেক্রেটারি দিলওয়ার হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য উমর আহমদ চৌধুরী ও সেলিম উদ্দিন চৌধুরী, প্রতিনিধিদলের সদস্য বিপ্রজিৎ দাস, মোঃ সালেহ আহমেদ, ইমদাদুল হক চৌধুরী, আব্দুল ওয়াহিদ, মোঃ তাজউদ্দিন, সত্যরঞ্জন দে, সিলেট চেম্বারের সদস্য মোঃ আবুল কালাম, মশিউর রহমান, মোঃ সুহেল আহমেদ প্রমুখ।





















