বছরের ১ম দিনে বই পায়নি সিলেটের বেশিরভাগ শিক্ষার্থী
- আপডেট সময় : ০৪:৪২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
বছরের প্রথম দিনে নতুন বই পায়নি সিলেটের বেশিরভাগ শিক্ষার্থী।
বুধবার (১ জানুয়ারি) সিলেট জেলার ১৩টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শতভাগ বই প্রদান করা হলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কোন বই আসেনি। বই আসেনি মাধ্যমিকের শিক্ষার্থীদেরও সুনামেঞ্জের অবস্থা আরও খারাপ। এই জেলার আড়াই লাখ শিক্ষার্থীর একজনও বই পায়নি বুধবার।
বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ও মাদ্রাসায় একযোগে বই দেওয়া হয়। বেলা ১১টার দিকে নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই বিতরনে অংশ নেন তিনি।
সিলেট সরকারি অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে বই পেলেও ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা কোন বই পায়নি।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ জানান, এবছর বই উৎসব হয়নি। শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে কিনা তা পরিদর্শনে এসেছি। যে পরিমাণ বই পেয়েছি তা সব উপজেলায় পাঠানো হয়েছে।
সিলেট জেলার ১৩ উপজেলার মধ্যে ৬টি উপজেলায় মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে ৯ম পর্যন্ত ১ লাখ ৩০ হাজার বই এসেছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, ‘যেসব শ্রেণীর যেসব বই প্রস্তুত আছে তা বাকি ৭ উপজেলায় বৃহস্পতিবারের মধ্যে পৌঁছে যাবে। পাঠ্যক্রম পরিবর্তনের জন্য এবছর কিছু বই আসতে একটু বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ১৫ তারিখের মধ্যে সকল বিদ্যালয়ে সকল বই বিতরণ হয়ে যাবে।’






















