সিলেটে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উদযাপন
- আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষ্যে বিএসটিআই সিলেট বিভাগীয় অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয় ‘Measurement for all times, for all people’ যার অর্থ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। পরিমাপের নির্ভুলতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে একটি সমতা ও টেকসই উন্নয়নমুখী বিশ্ব গঠন করা এ দিবস উদযাপনের মূল লক্ষ্য।
বিএসটিআই সিলেট কর্তৃক আয়োজিত বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৫ অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মো. মাজাহারুল হক, উপপরিচালক ও অফিস প্রধান।
তিনি বিশ্ব মেট্রোলজি দিবসের তাৎপর্য ও বিএসটিআই’র কার্যক্রম তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন যে, এবারের প্রতিপাদ্যটি পরিমাপের নির্ভুলতা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিএসটিআই ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮’ অনুযায়ী মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন, ওজন ও পরিমাপ যন্ত্রপাতির ভেরিফিকেশন/ক্যালিব্রেশন এবং মোড়কজাত পণ্যের সঠিক ওজন নিশ্চিতকরণসহ বিভিন্ন দায়িত্ব পালন করছে। চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে অনলাইনভিত্তিক QR Code, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সকলের সহযোগিতার মাধ্যমে বিএসটিআই দেশের উন্নয়নে অবদান রাখতে সচেষ্ট।
আলোচনা সভায় সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা উন নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি তার বক্তব্যে বলেন, ওজন ও পরিমাপ নিয়ে সমস্যা শুধু বাংলাদেশের নয়, বরং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে এ সমস্যা আরও প্রকট। দেশের বিভিন্ন অঞ্চলে মেট্রিক পদ্ধতি ব্যতীত ভিন্ন ভিন্ন এককে ওজন পরিমাপ করায় পণ্য ক্রয় বিক্রয়ে শুধু বিভ্রান্তিরই সৃষ্টি হয় না বরং প্রতারণারও সুযোগ তৈরি হয়। বাংলাদেশে একজন সৎ ব্যবসায়ীকেই বরং সমস্যায় পড়তে হয়, কারণ অসৎ পথে যারা চলে তারা নিয়ম ভাঙার সুযোগ সুবিধা নিয়ে ফেলে। তাই ওজন ও পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হলে আমাদের সকলকেই সচেতন হতে হবে — শুধু ব্যবসায়ী বা উৎপাদক নয়, ভোক্তারাও এর বাইরে নন। এক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সক্রিয়তা ও কার্যক্রমের ফলে দেশে ওজন ও পরিমাপ সংক্রান্ত অনেক সমস্যারই সমাধান সম্ভব হয়েছে। তবে শুধু বিএসটিআই-এর প্রচেষ্টাই যথেষ্ট নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা ও দায়িত্বশীল মনোভাবও জরুরি। তিনি সবাইকে নিজের জায়গা থেকে অন্যকে ওজনে কম না দেওয়ার এবং অন্যের কাছ থেকে পণ্য সঠিক পরিমাণে বুঝে নেওয়ার আহবান জানান। এই মানসিকতা যদি সবাই গ্রহণ করে, তাহলে স্বচ্ছতা ও ন্যায্যতার একটি সংস্কৃতি গড়ে তোলা সম্ভব হবে। সবশেষে যারা এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখছেন এবং দেশব্যাপী ন্যায্য ব্যবসার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছেন, তাদেরকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
এছাড়াও সভায় অন্যান্য অতিথিদের মধ্যে প্রাণ, আরএফএল, ফুলকলি, ওয়েল ফুড, ফিজা এন্ড কোং সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।






















