সিলেট ঝরনারপাড়ে উৎপাদক নলকূপ স্থাপনকাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আপডেট সময় : ০২:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি
স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে সুপেয় পানির সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় বিদ্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংস্কার ও নগরের বিভিন্ন ওয়ার্ডে উৎপাদক নলকূপ স্থাপন করা হচ্ছে। আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে চেঙ্গেরখালের পানি শোধন করে নগরবাসীর পানির চাহিদা পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নগরের ঝরনারপাড় এলাকায় উৎপাদক নলকূপ স্থাপনকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর পানির সংকট দূর করতে সিটি কর্পোরেশন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পানির সংকট দ্রুত নিরসনে নগরের বিভিন্ন ওয়ার্ডে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপও গ্রহণ করা হবে।
এ সময় আনুষ্ঠানিকভাবে উৎপাদক নলকূপ স্থাপনকাজের উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে তিনি নগরের বালুচর এলাকায় দুর্গাবাড়ি সড়কের উদ্বোধন করেন। আরসিসি দিয়ে সড়কটি নির্মাণ করা হয়েছে। একই দিন তিনি নগরের আগপাড়ায় সড়ক সংস্কারকাজেরও উদ্বোধন করেন।
আগপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সিসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় সিসিক প্রশাসক অবিলম্বে সার্ভে করে ছড়া ও ড্রেন উদ্ধারসহ জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বিভিন্ন এলাকা পরিদর্শন ও উন্নয়নকাজ উদ্বোধনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















