সিলেট সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ছিন তাই য়ের চেষ্টা, আটক ৩
- আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে উত্যক্ত ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই ওয়াকওয়েতে ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও এক ছাত্রীকে উত্যক্ত ও টাকা দাবির ঘটনায় পুলিশ একজনকে আটক করেছিল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সাগরদিঘীরপাড়স্থ ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এসময় একদল যুবক এসে তাদেরকে ঘিরে ধরে।
ওই যুবকরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে নানাভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে তারা ত্রাস সৃষ্টি করে ওই দম্পতির সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটককৃতরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মো. আছাদ আলীর ছেলে সাদিকুল হক সাদিক (২০), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিন্ধি গ্রামের রসরাজ বিশ্বাসের ছেলে অর্পন বিশ্বাস (২১) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন গ্রামের শওকত আহমেদেও ছেলৈ রিফাত (২২)।
এর মধ্যে সাদিক সিলেট নগরীর কুমারগাঁওয়ে, অর্পন মিরবক্সটুলা আজাদী ১০৯ নম্বর বাসায় ও রিফাত তাঁতীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে।
এসএমপির মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করা হয়েছে।






















