হবিগঞ্জ জমিজমা বিরোধে সংঘর্ষ- মাধবপুরে বৃদ্ধ নিহত, আহত অন্তত ৩০
- আপডেট সময় : ১২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩২৫ বার পড়া হয়েছে
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আলী মারা যান। তিনি উপজেলার বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য সোমবার একটি সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।






















