সিলেট-৬ আসনে নিরাপত্তায় ভোটের প্রস্তুতি, ১৪৯ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় : ০৪:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বিয়ানীবাজার প্রতিনিধি :
প্রচার-প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামার পর সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে এখন ভোটের অপেক্ষা। প্রার্থীরা নীরবে ভোটারদের সমর্থন চাইছেন, আর প্রশাসন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। পুরো আসনে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা।
ভোটগ্রহণ সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও টহল দল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। এই আসনে মোট ১৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪৯টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ৮৪টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর (উত্তর) এর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার), গণঅধিকার পরিষদের এডভোকেট জাহিদুর রহমান (ট্রাক) এবং জাতীয় পার্টির আব্দুন নূর (লাঙ্গল)।
মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৬ হাজার ৯৩৮ জন এবং নারী ২ লাখ ৫২ হাজার ১৫৫ জন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে রয়েছে ১৯৩টি ভোটকেন্দ্র এবং ১ হাজার ১৩টি ভোটকক্ষ। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে গোলাপগঞ্জে পাঁচ স্তর এবং বিয়ানীবাজারে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। টহল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে প্রস্তুত অবস্থায়। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ নজরদারি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে এবং বড় ধরনের কোনো হুমকি নেই।























