হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা
- আপডেট সময় : ১০:৪৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
বাহুবল উপজেলার হরিতলা এলাকায় প্রভাবশালী একটি সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
জানা যায়, হরিতলা চা-বাগানের পাশের হাটুভাঙ্গা ও ধুলিয়া ছড়া এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন করা হচ্ছে। দিনের বেলায় এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করে রাতে তা বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার পাহাড়ি টিলা, ফসলি জমি ও বসতভিটা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে মাটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে বালু উত্তোলনের মাত্রা আরও বেড়েছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিতভাবে এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে এলাকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। এতে ভূমিধস, কৃষিজমি ধ্বংস এবং বসতবাড়ি ও সড়ক যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়বে।
এ অবস্থায় দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।


























