সিলেটের জৈন্তাপুরে মেয়েকে ধর্ষণ – বান্দরবান থেকে বাবা আটক
- আপডেট সময় : ০২:১১:০০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বাবাকে বান্দরবান জেলা থেকে র্যাবের সহযোগিতায় আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম হাসন আলি (৫৫)। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের নয়াখেল দক্ষিণ গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ১৩ বছর বয়সী কিশোরী আসামি হাসান আলির মেয়ে। ৭/৮ বছর পূর্বে প্রথম স্ত্রী মারা গেলে হাসান আলি ২য় বিয়ে করেন। প্রথম স্ত্রীর ঘরে ২৩ বছর বয়সী এক ছেলে ও ভিকটিম ওই কিশোরী রয়েছে।
গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হাসন আলি তার নিনের মেয়েকে পালাক্রমে ধর্ষণ করতে থাকেন। এক পর্যায়ে ওই কিশোরী তার দাদীকে বিষয়টি জানালে পরিবারের অন্য সদস্যরা হাসন আলির প্রতি নজরদারি বৃদ্ধি করে। সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা কিশোরী মেয়ের শয়নকক্ষ থেকে তার বাবাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে হাসন আলি বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর ভিকটিম কিশোরীর বড়ভাই বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নিজের বাবাকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পুলিশ তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিকবে মামলা রেকর্ড করে এবং পলাতক আসামিকে ধরতে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৯ নভেম্বর) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৫ এর সহয়তায় বান্দরবান সদর এলাকা থেকে আসামি হাসন আলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি। তিনি বলেন, সোমবার (১ ডিসেম্বর) সকালে হাসন আলিকে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


























