সিলেটে ডেঙ্গু আক্রান্তে বাড়ছে ভাইরাসের সংক্রমণ,৪ দিনে আক্রান্ত ২৪
- আপডেট সময় : ০২:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। নভেম্বর মাসের শুরুতেই ৪ দিনে ২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৩ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৯ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৪ জন।
সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। তার মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু ভাইরাসে।
চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬০ জন, সুনামগঞ্জে ৪৯ জন, মৌলভীবাজারে ৪২ জন এবং হবিগঞ্জে ১৮৮ জন রোগী সনাক্ত হয়েছেন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ১ জনের। সুনামগঞ্জ সদর হাসপাতালে গত ৮ অক্টোবর একজন মারা যান।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২১ জন।
অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার সিলেট বিভাগে কোন রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। যারমধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।

























