হবিগঞ্জ সদর শিল্পীর গাড়ি ডাকাতের কবলে,, আহত ৩
- আপডেট সময় : ০৩:৫৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যারবাজারে বাউল শিল্পীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতদের হামলায় দুই বাউল শিল্পী ও তার চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বাউল শিল্পীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধুলিয়াখাল মিরপুর সড়কের বৈদ্যার বাজারে ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, শিল্পী বিউটি ঘোষ মিরপুরের একটি অনুষ্ঠান শেষে প্রাইভেটকার যোগে হবিগঞ্জ আসছিলেন। এ সময় একদল ডাকাত ওই এলাকায় তার গাড়ি গতিরোধ করে। এক পর্যায়ে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ডাকাতদের আক্রমণে বাউল শিল্পী বিউটি ঘোষ, পাপিয়া আক্তার ও তার চালক নুর মিয়া আহত হয়। আহত অবস্থায় তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিউটি উমেদনগর গ্রামের মধু ঘোষের কন্যা। আহত শিল্পীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করে জীবিকা নির্বাহ করে আসছে। ওই দিনও প্রোগ্রাম থেকে ফেরার পথে তাদের গাড়িটি ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা তাদের কাছ থেকে টাকা ও মালামাল নিয়ে যায়। টানাহেচড়ার কারণে আহত হন তারা। গতকাল বুধবার সকালে তাদেরকে দেখার জন্য হাসপাতালে ভিড় করে বাউল শিল্পীরা। তারা ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।



























